ধামরাইয়ে ধর্ষণের ঘটনায় ২ জন আটক
ঢাকার ধামরাইয়ের এক নারী শ্রমিককে (২০) ধর্ষণের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকায় বিডি ফুড কারখানায় সুপারভাইজার আব্দুস সাত্তার (২৫) এক নারী শ্রমিককে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সহযোগিতার অভিযোগে শুক্রবার বিকালে ওই কারখানার শ্রমিক বাদশা মিয়া ও মিলন হোসেনকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তফা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার চকলেট শাখার এক নারী শ্রমিককে বৃহস্পতিবার রাতে সুপারভাইজার সাত্তার অতিরিক্ত কাজ করার জন্য থাকার কথা বলে কারখানায় রেখে দেয়। পরে কারখানার অন্য শ্রমিক বাদশা মিয়া, ইব্রাহীম ও নুরজাহান আক্তারের সহযোগিতায় তার কাওয়ালীপাড়ার বাসায় নিয়ে ধর্ষণ করে।
শুক্রবার সকালে ধর্ষিতা ওই নারী স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বলেন, ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হলেও অপর দুই জন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
