২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধিত্বকারীদের নিয়েই সরকার: প্রধানমন্ত্রী

সংসদে যেসব দলের প্রতিনিধি আছে তাদের মধ্য থেকেই সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 09:08 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

শুক্রবার রাতে গণভবনে জাতীয় পার্টি-জেপির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সর্বদলীয় সরকার থাকবে। সংসদে যাদের প্রতিনিধি আছে তাদের নিয়েই। কারো মনে যেন সন্দেহ না থাকে। নির্বাচনটা কীভাবে হয় সেটা যেন সকলে দেখতে পারে।”

গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে বিরোধীদলের সদস্যদের নাম চান।

ওই বক্তৃতায় সর্বদলীয় সরকার কীভাবে এবং কাদের নিয়ে গঠন করা সে বিষয়ে কিছু উল্লেখ ছিল না।

বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, “আমরা একটা জায়গা থেকে শুরু করতে চাই আর তা হলো আগামী প্রজন্মের জন্য। তাদের যেন কষ্ট না হয়। একটা নিয়মের মধ্য দিয়ে যেন ক্ষমতার পরিবর্তন হয়।”

জেপি’র সভাপতি আনোয়ার হোসন মঞ্জু এবং মহাসচিব শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে অংশ নেয়।

বৈঠকে আনোয়ার হোসেন মঞ্জু সাংবিধানিক ধারা পক্ষে তার দলের অবস্থানের কথা তুলে ধরে বলেন, “জাতীয় পার্টি সাংবিধানিক ধারার পক্ষে ছিল। এখনো আছে। আমরা চাই সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক। সাংবিধানিক ধারায় নির্বাচন হলে, আমরা নির্বাচনের পক্ষ।”

তিনি বলেন, একটি উন্নয়নশীল দেশের জন্য সাংবিধানিক ধারা অব্যাহত রাখা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সমন্বিতভাবে মোকাবেলা করা উচিত।

রাত ৮টায় শুরু হওয়া বৈঠকের শুরুতেই শেখ হাসিনা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী সংবিধান সম্মত নির্বাচনের প্রয়োজনীয়তা, অসাংবিধানিক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে তার ফোনালাপের প্রসঙ্গেও কথা বলেন।

সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা আগামীতে সংবিধানসম্মত ভাবে নির্বাচন করতে চাই। বাংলাদেশের আমরা এটা শুরু করতে চাই।”

এ সময় তিনি জানান, ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দেয়ার পর থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আড়াইশর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিএনপি বিচারপতিদের বয়স বৃদ্ধি করে বিচারবিভাগকে দলীয়করণ করার চেষ্টা করে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

তিনি বলেন, “সংবিধান অনুসরণ না করে বিএনপি রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে। এরপর, উপদেষ্টাদের পালাবদলের এক পর্যায়ে ওয়ান ইলেভেন আসে।”

বৈঠকে উপস্থিত আনোয়ার হোসেন মঞ্জুর দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, “আপনাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়। আর, আমাকে দেশে ফিরতে দেয় নাই।”

“আর যেনো কোনো অসাংবিধানিক সরকার যেনো ক্ষমতা দখল করতে না পারে- তাই আমরা নিশ্চিত করতে চাই। আমরা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করতে চাই।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “টেলিভিশনের সামনে গিয়ে কেউ যেন আর বলতে না পারে, ‘আমি রাষ্ট্রপতি হলাম’। এই ‘আমি রাষ্ট্রপতি হলাম’ এটা যেন আর না হয়।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়েছে বলেও শেখ হাসিনা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা চাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক। উন্নয়নের ধারা ধরে রাখতে সংবিধানিক ভাবে ক্ষমতার বদল হতে হবে।”

বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে হয়ে যাওয়া স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অনেক নির্বাচনে আমরা হেরেছি। আমরা মাথা পেতে নিয়েছি। জনগণ যাকে চায়- তাকেই নির্বাচিত করতে পেরেছে।”

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমি তাকে দাওয়াত দিলাম। আর, জবাবটা কি পেলাম। আপনাদের জানা আছে।”

৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার উদ্যোগ না নিলে হরতাল দেওয়ার বিরোধীদলের ঘোষণার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “মানুষ যাতে কষ্ট না পায়- সেজন্য উপযাজক হয়ে তাকে ফোন করলাম। উনি মানলেন না।

“আমি ওনাকে সকালেই ফোন করতাম। আমি জানতাম, উনি একটু দেরিতে ঘুম থেকে ওঠেন।”

শেখ হাসিনা একই প্রসঙ্গে বলেন, “সাধারণ কেউ ফোন করলে, যাকে ফোন করে সে-ই রিটার্ন করে। তারপর, আমি আমরা এডিসিকে যোগাযোগ করতে বললাম। উনি নাকি রাত ৯টার আগে কথাই বলতে পারবেন না।”

“যে ঝারি-টারি খেলাম, সেটা বলতে চাই না। কে তর্ক করতে যাবে। আমার তর্ক করার প্রবৃত্তি নাই।”

“উনি শুনলেনই না। হরতাল করবেনই। হরতালে বোমা হামলা করলেন। হরতাল করে উনি ২০ জন মানুষের জীবন নিতে পেরেছেন। আর কিছু অর্জন করতে পারেন নাই।”

পুরনো খবর:

সর্বদলীয় মন্ত্রিসভায় আসুন: প্রধানমন্ত্রী