রাজশাহীতে সাংসদপুত্র ইয়াবাসহ গ্রেপ্তার
রাজশাহীর পবার সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতির ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোস্তাক আহমেদ টুলু (২৫) রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লার ছেলে।
শাহ মখদুম থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর নওদাপাড়া আম চত্বর মোড় থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়।
এ সময় মোস্তাকের সঙ্গে থাকা নওহাটার মামুনুর রশিদকেও (৩০) গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে তাদের আদালতে পাঠিয়ে তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, “ইয়াবা কেনাবেচার সময় মোস্তাক ও মামুনুরকে ধরা হয়। নমুনা দেখাতে মামুনুরের কাছে সাতটি ইয়াবা নিয়ে আসে মোস্তাক।”
এ ঘটনায় এসআই আতাউর রহমান বাদি হয়ে শাহ মখদুম থানায় ওই দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছে বলে ওসি জানান।
