২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ‘কিডনি পাচারচক্রের’ আরেকজন গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় কিডনি পাচারচক্রের দালাল সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামের বাড়ি থেকে সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। সাইফুল ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর কিডনি পাচারচক্রের স্থানীয় হোতা এই উপজেলার বহুতি গ্রামের আব্দুস সাত্তার (৪৫) ও তার সহযোগী মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। 

কালাই থানার ওসি রমজান আলী জানান, গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দুজন এখন জেল হাজতে রয়েছে। ওই ঘটনায় ৫ সেপ্টেম্বর কালাই থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) রকিবুল ইসলাম জানান, ওই মামলার তদন্তে সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হল।

রকিবুল আরো বলেন, সাইফুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন করা হয়েছে।   

জয়পুরহাটের কালাই উপজেলার ১৮টি গ্রামের অভাবী মানুষদের সরলতার সুযোগ নিয়ে একটি দালালচক্র প্রায় অর্ধশতাধিক মানুষকে কিডনি বিক্রিতে প্রলুব্ধ করে লাখ লাখ টাকার ব্যবসা করেছে। ২০১১ সালে এ বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সাড়া জাগায়।