হেফাজতি তাণ্ডবের ৩ মামলায় রিমান্ডে হারুণ
রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামীর তাণ্ডবের তিন মামলায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে হারুণ ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চার মামলায় দশ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ বৃহস্পতিবার তিন মামলায় পাঁচ দিন করে হেফাজত মঞ্জুর করেন।
এর মধ্যে মতিঝিলের দুটি এবং পল্টন থানার একটি মামলায় পুলিশ হত্যা চেষ্টা, পুলিশের কাজে বাধা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
পল্টন থানার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও এজাহারে নাম না থাকায় হারুণকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেননি বিচারক।
একইসঙ্গে হারুণের জামিন আবেদনও খারিজ করে দেন তিনি।
হারুণের পক্ষে শুনানি করেন জয়নাল আবেদীন মেজবাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মিরাশ উদ্দিন।
শুনানিতে তিনি বলেন, “হারুণ মুফতি হলেও কাজে সন্ত্রাসী। তারা দেশকে আফগানিস্তান বানাতে চায়।
হারুণ দীর্ঘদিন ‘পলাতক’ ছিলেন জানিয়ে মিরাশ উদ্দিন বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো নেটওয়ার্কের সন্ধান মিলবে।”
চট্টগ্রামের লালখান বাজারের ‘জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত ৯ অক্টোবর গ্রেপ্তার হন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ বিন ইজাহার।
তার বাবা হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজাহার পরিচালিত ওই মাদ্রাসায় গত ৭ অক্টোবর বিস্ফোরণে ঘটলে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন।
ওই ঘটনায় ‘বিস্ফোরক ও এসিড আইনের’ দুই মামলায় গ্রেপ্তারের পর হারুণকে গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনার পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
গত ৫ মে শাপলা চত্বরে অবস্থান নিয়ে মতিঝিল, পল্টনসহ আশেপাশের এলাকায় দিনভর অগ্নিসংযোগ-ভাংচুর চালায় হেফাজতকর্মীরা। সেখানে দায়িত্বরত সংবাদকর্মীরাও তাদের হামলার শিকার হন।
