বন্দর চ্যানেলে জাহাজডুবি
চট্টগ্রাম বন্দর চ্যানলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে গেছে গমবোঝাই একটি লাইটার জাহাজ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম বন্দর চ্যানেলের সাইলো জেটিতে এ ঘটনা ঘটে।
তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান।
বন্দরকর্মীরা জানায়, টিএসপি জেটি থেকে ছেড়ে এসে বাঁক ঘোরার সময় ‘গোল্ডেন ব্লেসিং’ নামের তেলবাহী জাহাজটি সাইলো জেটিতে নোঙর করে থাকা গম বোঝাই ‘ব্লু প্যাসিফিক’ নামের জাহাজটিকে ধাক্কা দেয়।
এতে লাইটার জাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে আধা ঘণ্টার মধ্যে সেটি ডুবে যায়।
সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, ব্লু প্যাসিফিক সাগরে ‘মাদার ভ্যাসেল’ থেকে গম নিয়ে বন্দরে আসছিল।
দুর্ঘটনার সময় ছোট জাহাজটিতে দেড় থেকে দুই হাজার টন গম ছিল বলে বন্দর কর্মকর্তাদের ধারণা।
