প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত গাজীপুর
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপনে গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় তার বক্তৃতা করারও কথা রয়েছে।
গাজীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ আকম মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাজীপুর শহর ও চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক সাজানো হয়েছে মনোরম সাজে।
সফরসূচি অনুযায়ী, বেলা ৩টার দিকে হেলিকপ্টারে করে গাজীপুরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভাস্থলে যাবেন।
সেখানেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন করবেন তিনি।
এরপর বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন এ জনসভায়।
এ জনসভা ঘিরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠের পূর্ব পাশে মঞ্চ তৈরি করা হয়েছে। তার উত্তর পাশেই সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রকল্পের ভিত্তিফলক।
এর মধ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ক ৪ লেনে উন্নীতকরণ, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট), দ্বিতীয় কাচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন, সম্প্রসারিত শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবন, গাজীপুর ৫২ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট, ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের সংস্কার/ সৌন্দর্য় বর্ধন, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম-টঙ্গী, ৪০ মিটার লতিফপুর ব্রিজ (আরএন্ডএইচ) ও ভাওয়াল মির্জাপুর রাস্তার (মরহুম হাবিল উদ্দিন শিকদার সড়ক) কার্পেটিং, হবুয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মাণ, শ্রীফলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষ সম্প্রসারণ, টঙ্গীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেন্টের আওতায় নির্মিতব্য (এমআরটি) মেট্টোরেল, ১৫০ মেগাওয়াট ডুয়েট ফুয়েল পাওয়ার প্ল্যান্ট, ৫০০শয্যার গাজীপুর জেনারেল হাসপাতাল, ট্রমা সেন্টার, নার্সিং ইন্সটিটিউট, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন, হয়দেবপুর-পারুলিয়া বাজার রাস্তার ক্ষীরু নদীর ওপর ১০০মিটার সেতু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করতে তিনি।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র্যাব ও পুলিশ মোতায়েন ছাড়াও নৌবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা সভাস্থল ও আশেপাশের এলাকা ঘুরে গেছেন।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংঠগনের নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।
জেলার বিভিন্ন সড়কের দুই পাশে সাজানো হয়েছে ডিজিটাল ব্যানার ও পোস্টরে। বেশ কিছু তোরণও নির্মাণ করা হয়েছে।
