২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ জেলায় ১৮ দলের হরতাল: বিক্ষিপ্ত ভাংচুর, মিছিল

বিরোধী জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে নেতাকর্মী নিহত ও গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে দুই জেলা ও দুই উপজেলায় হরতাল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার ঝিনাইদহ, চাঁদপুর, টাঙ্গাইলের মধুপুর ও মাগুরার মোহম্মদপুরে স্থানীয় বিএনপি ও ১৮ দলীয় জোটের এই হরতালে বড় কোনো সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

ঝিনাইদহ

হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে হরতাল করেছে স্থানীয় ১৮ দল।

সকালে জেলা শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় হরতালকারীরা। এসময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। জেলা শহরের উপর দিয়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী কোনো যান চলাচল করেনি।

সোমবার হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে বোমা হামলা চালিয়ে ও আবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

চাঁদপুর

সোমবার চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদলকর্মী নিহতের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সংগঠনটি।

বুধবার হরতালে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার এসআাই মানিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে যানবাহন ভাংচুরের চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।

সকালে শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে চার থেকে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। কয়েকটি এলাকায় অটোরিকসাসহ কিছু যানবাহনেও ভাংচুর চালায় তারা।

হরতালে চাঁদপুর শহরের ভেতরে যান চলাচল অব্যাহত থাকলেও দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে মিছিল হয়।

হরতালের দ্বিতীয় দিন সোমবার চাঁদপুরের পুরানবাজারে সংঘর্ষে মারা যান ছাত্রদল কর্মী আরজু ঢালী (১৬)। এর প্রতিবাদে সকাল-সন্ধ্যার এই হরতাল ডাকে ছাত্রদল।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার সহিদসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মধুপুর উপজেলায় সকাল-সন্ধ্যার হরতাল করে বিএনপি।

হরতালের কারণে টাঙ্গাইল-ময়মনসিংহ, ময়মনসিংহ-বগুড়া, ময়মনসিংহ-কুষ্টিয়া, ময়মনসিংহ-খুলনা, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, তারাকান্দি, কেন্দুয়া মাদারগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সোমবার দুপুরে স্থানীয় ১৮ দলের ৬০ ঘণ্টা হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন এই হরতালের ঘোষণা দিয়েছিলেন।

হরতালে উপজেলা কোন ধরণের নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালে শহরে দোকানপাট বন্ধ ছিল।  

মাগুরা

আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক ছাত্রদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় হরতাল পালন করেছে ১৮ দলীয় জোট।

বুধবার দুপুরে সদরে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে ছাত্রলীগকর্মীরা মিছিলকে ধাওয়া দেয়। পরে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান নেয়।

এঘটনায় বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেনউপজেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামান ।

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে হালকা যানবাহন চলছে।

মঙ্গলবার মোহাম্মদপুরে আওয়ামী লীগের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে ছাত্রদলকর্মী মারুফ (২৫) নিহত হন।  প্রতিবাদে মোহাম্মদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ১৮ দলীয় জোট।

মোহাম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম  জানান, ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, বিজিবি, র‌্যাবের একাধিক টিম এলাকায় টহল দিচ্ছে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের জনসভা থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় শেষ হওয়া ওই হরতাল কর্মসূচিতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অন্তত ১৬ নিহত ও কয়েকশ মানুষ আহত হয়।