লালমনিরহাটের মন্দিরে ভাংচুর ও আগুন
লালমনিরহাটের কাকিনা বাজার শিব মন্দির ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মন্দিরের পুজারী ময়না রানী মোহন্ত জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরে পুজো করতে গিয়ে মন্দিরে আগুন দেখে চিৎকার দেন।
“এরপর লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।”
তবে মন্দিরের বেড়ার কিছু অংশ পুড়ে গেছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা নিশ্চিত হয়েছেন।
তিণি বলেন, “তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
মন্দির কমিটির সভাপতি রঞ্জিত কুমার মোহন্ত বলেন, “মন্দিরের জায়গাটি একটি পক্ষ দখলে নিতে চায়। ওই পক্ষের সঙ্গে জায়গাটি নিয়ে মামলা চলছে।”
এ ঘটনাটি উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ স্বাধীনতা বিরোধী চক্রের কাজ বলে মনে করছেন।
তিনি বলেন, “যেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
দুপুরে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন।
