২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার আন্দোলন আইএসআইয়ের টাকায়’

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্সের (আইএসআই) টাকায় আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার গণভবনে দলীয় বৈঠকে তিনি বলেনে, “খালেদা জিয়া আইএসআই এর টাকায় আন্দোলন করছেন। পাকিস্তানিরা চায় না বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হোক। এ জন্য তিনি পাকিস্তানি এজেন্ট হিসেবে কজে করছেন।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনরত বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনেও আপত্তি জানিয়ে আসছে। দাবি আদায়ে গত রোববার থেকে তারা ৬০ ঘণ্টার হরতাল করে, যাতে সারা দেশে অন্তত ২০ জনের মৃত্যু হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।       

আওয়ামী লীগ নেতা আমু বলেন, বিরোধীদলের এই আন্দোলন আসলে যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলি কথোপকথন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেত্রী বিরোধী দলীয় নেতাকে ফোন করেছিলেন। তিনি (খালেদা জিয়া) যে কথা বলেছেন, তাতে জাতি তাকে তিরষ্কার করছে।”

নির্দলীয় সরকারের দাবি নিয়ে আলোচনার জন্য খালেদা জিয়া সরকারকে দুই দিন সময় বেঁধে দিলে শনিবার দুই নেত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়।  

আমু বলেন, “আমাদের নেত্রী তাকে হরতাল প্রত্যাহারের কথা বললেন। আর তিনি বললেন হরতাল প্রত্যাহার করবেন না। বললেন ১৮ দলের সাথে কথা না বলে হরতাল প্রত্যাহার করা যাবে না। আবার বললেন তত্বাবধয়াক নীতিগতভাবে মেনে নিলে হরতাল প্রত্যাহার করেবেন।”

প্রধানমন্ত্রী ওইদিন খালেদা জিয়াকে ৬০ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি গণভবনে আমন্ত্রণ জানালেও বিরোধী দলীয় নেতা তাকে বলেন, হরতালের পরই তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আমু বলেন, “আমাদের আমন্ত্রণ স্ট্যান্ড (বহাল) করছে। আর এজন্য আর আমন্ত্রণ জানানোর দরকার নেই।”

হরতাল প্রত্যাহার না করায় যে প্রাণহানি ঘটল, সে বিষয়ে বিরোধীদলীয় নেতাকে কৈফিয়ত দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গণভবনে এই বৈঠক হয়।

বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ঢাকা ও আশেপাশের জেলার সংসদ সদস্য এবং নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।