২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি, আটক ২

এক কর্মী নিহতের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে হরতাল করছে ছাত্রদল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নাশকতায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার এসআাই মানিক মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেডিয়ামরোড এলাকা থেকে যানবাহন ভাংচুরের চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। 

সকালে শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে চার থেকে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। কয়েকটি এলাকায় অটোরিকসাসহ কিছু যানবাহনেও ভাংচুর চালিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে মিছিল হয়।

হরতালে চাঁদপুরে দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে  অভ্যন্তরীণ যানবাহন চলছে।

নাশকতা ঠেকাতে শহরজুড়ে র‌্যাব, পুলিশ ও  বিজিবির টহল রয়েছে।

র‌্যাব-১১ এর কর্মকর্তা মেজর সাহেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পর্যায়েও টহল দেয়া হচ্ছে।

বিরোধী দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার চাঁদপুরের পুরানবাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী আরজু ঢালী (১৬) নিহতের এর প্রতিবাদে সকাল-সন্ধ্যার এই হরতাল ডাকে ছাত্রদল।