২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গ্রেপ্তার ৪১, ১০ জনকে সাজা

বিরোধী দলের হরতালের শেষ দিনে রাজধানীতে ৪১ জনকে গ্রেপ্তার এবং এদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 07:44 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

বাবুবাজার পুলিশ ফাঁড়িতে ঢিল ছোড়ার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রদলকর্মীকে একবছর করে সাজা দেয়া হয়।

ওই তিন জন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ওয়াহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হিমেল ও ইতিহাস বিভাগের লিটন।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ছাত্রদলকর্মীরা ফাঁড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে।

“মিছিলকারীরারা ফাঁড়িতে হামলার চেষ্টা করলে ওই তিন জনকে আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শিলু রায় ওই তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান।

এছাড়া হরতালে নাশকতায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন থানা এলাকায় আরো সাত জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, হরতালে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হরতালের দ্বিতীয় দিন সোমবার ২০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে আর হরতালের প্রথম দিন রোবাবারও রাজধানীতে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছয় মাসের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনকালীন ‘নির্দলীয় সরকারের’ দাবিতে রোববার থেকে সারা দেশে ৬০ ঘণ্টার হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। রোব ও  সোমবারের মতো মঙ্গলবার সকালেও রাজধানীর বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপ করা হয় পুলিশের উপর।