গাজীপুরে পিটুনিতে আহত ‘ডাকাতের’ মৃত্যু
গাজীপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার রাতে রাজাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় আব্দুল মালেককে (৪২) পিটুনি দেয় এলাকাবাসী।
সোমবার সাকালে গাজীপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মালেক কালিয়াকৈর উপজেলার আব্দুল জলিল মিয়ার ছেলে।
ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের শ্যালক মো. নাজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের রাজাবাড়িতে তোফাজ্জলের বাসায় ১২/১৩ দুর্বৃত্ত হানা দেয়।
তারা বাসার লোকজনকে মারধর করে অন্তত সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।
কোনাবাড়ি ফাঁড়ির এসআই মো. রবিউল ইসলাম জানান, বাসার লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মালেককে ধরে পিটুনি দেয়। এরপর পুলিশে সোপর্দ করে।
ডাকাতদের হামলায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, তার স্ত্রী পারভীন বেগম, ছেলে পারভেজ ও পলাশ আহত হয়েছেন। তাদের মধ্যে পারভেজ ও পলাশকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
