রসমালাই, জামদানি, ইলিশের স্বীকৃতিতে সংসদে বিল
কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা, ঢাকার জামদানি, পদ্মার ইলিশের মতো দেশীয় ঐতিহ্য মেধাসম্পদ হিসাবে আইনি স্বীকৃতি পেতে যাচ্ছে।
এ লক্ষ্যে ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল- ২০১৩’ সংসদে উত্থাপন করা হয়েছে।
বিলটি আইনে পরিণত হলেই এসব পণ্যের আইনি স্বীকৃতি পেতে আর কোনো বাধা থাকবে না।
রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। পরে এটি পরীক্ষা করে সংসদে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার সময় বেঁধে দিয়ে এটি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ৩ অক্টোবর বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইন কার্যকর হওয়ার পর কিছু কিছু পণ্যের ভৌগোলিক পরিচয় মিলবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নিবন্ধিত ভৈাগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিক ব্যবহারকারী নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। মেয়াদ শেষে আরো তিন বছরের জন্য নিবন্ধন নবায়ন করা যাবে। নিবন্ধিত পণ্য কারো কাছে হস্তান্তর বা বন্ধক রাখা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি ‘মিথ্যাভাবে’ পণ্য ব্যবহার করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
প্রতারণা করে পণ্যে বা মোড়কে ভৈাগলিক নির্দেশক ব্যবহার করলেও একই শাস্তির বিধান রাখা হয়েছে।
মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে ১৯৯৫ সালে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এরই মধ্যে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে জামদানির ‘জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন’ নিয়ে নিয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ভৌগলিক নির্দেশক হচ্ছে একটি চিহ্ন বা প্রতীক, যে প্রতীকের একটি নির্দিষ্ট উৎস রয়েছে এবং যে প্রতীক ওই ভৌগলিক উৎসজনিত নির্দিষ্ট গুণগতমান বা সুনাম ধারণ করে।
বাংলাদেশের নিজস্ব ভূ-খণ্ডে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে বেশকিছু পণ্য উৎপন্ন হয়ে থাকে (যেমন উৎকৃষ্টমানের সুগন্ধি চিনিগুড়া চাল, পদ্মার ইলিশ ইত্যাদি)। এছাড়া বেশকিছু পণ্য প্রক্রিয়াজাত করা হয়ে থাকে (টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, চা, চামড়া ইত্যাদি)।
মৌলিক ও অন্যান্য বৈশিষ্ট্যের হস্ত ও কটির শিল্পজাত পণ্যেরও দীর্ঘকাল ধরে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য হিসেবে সুখ্যাতি রয়েছে (নকশি কাঁথা, জামাদনি শাড়ি ইত্যাদি)।
“বিভিন্ন ভৌগলিক অঞ্চলে উৎপাদিত এ ধরণের পণ্য চিহ্নিতকরণ, নিবন্ধন ও পণ্যের অনুমোদিত ব্যবহারকারীর স্বার্থ সুরক্ষা করাই এ আইন প্রণয়নের উদ্দেশ্য,” বলেন মন্ত্রী।
