হরতাল-কর্মী এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক
সরকার বিরোধীদের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিস বন্ধ করতে পথে নেমেছেন বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা।
রোববার সকাল সাড়ে ৮টা থেকে হারতাল সমর্থক প্রায় একশ’ শিক্ষক-কর্মকর্তা প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করেন।
অফিসে ঢুকতে না পেরে উপাচার্য, উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা সিনেট ভবনের পাশে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপের উদ্যোগ নেয়ার দাবিতে রোববার সকাল থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার প্রধানমন্ত্রী টেলিফোন করে এ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে হরতাল প্রত্যাহারের অনুরোধ করলেও এ কর্মসূচিতে অনড় থাকেন বিরোধী দলীয় নেত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের’ আহ্বায়ক ড. আজাহার আলী বলেন, “হরতালের সমর্থনে আগে আমরা বিবৃতি দিয়েছি, মানববন্ধন করেছি, এবার সরাসরি মাঠে নেমেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “হরতালের তিন দিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোনো কাজ করতে দেব না।”
দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি এবং হল বন্ধ থাকায় ক্যাম্পাসে কোনো ছাত্র-ছাত্রী নেই। গত ১২ তারিখ থেকে বন্ধ এ বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ অক্টোবর হল খোলার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, “সকালে দপ্তরে যাবার সময় বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের একটি প্রতিনিধি দল আমাদের দাপ্তরিক কাজ করতে নিষেধ করেন।”
অপ্রীতিকর ঘটনা এড়াতে অফিস করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দপ্তর বিষয়ক সম্পাদক ও প্রাণ-রসায়নের শিক্ষক মাসুদুল হাসান খান মুক্তা জানান, হরতালের সমর্থনে প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার জন্য উপাচার্যকে অনুরোধ জানিয়েছি।
“তাছাড়া কোন বিভাগে দাপ্তিরিক কাজ যেন না চলে সেজন্য আমরা বিভিন্ন বিভাগে গিয়ে অনুরোধ জানাচ্ছি।”
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, “গত চার বছর হরতালে দাপ্তরিক কাজ হলে রোববার কেন তারা প্রশাসনিক ভবন ঘেরাও করছে আমাদের বোধগম্য নয়।”
ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে।
