রাজশাহীতে মন্দিরে হামলা, দোকান ভাংচুর
বিরোধী জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজশাহীতে হরতাল সমর্থকরা একটি মন্দিরে হামলা চালিয়েছে।
এসময় তারা বেশ কয়েকটি দোকান ও প্রতিষ্ঠানে ভাংচুর করলে এলাকাবাসীদের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়।
হামলার জন্য বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বেলা ১১টার দিকে নগরীর সাহেবাজার কালী মন্দিরে হামলা চালায় হরতালকারীরা।
“তারা মন্দিরের পাশে অবস্থিত আওয়ামী লীগ সমর্থক নব কুমারের ‘নবরূপ মিষ্টি’ নামের দোকানসহ পাঁচটি দোকান ও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভাংচুর চালায়।”
ওসি বলেন, এসময় এলাকাবাসীরা প্রতিরোধ করতে গেলে হামলাকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ গিয়ে রাবার ব্যুলেট ও টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থকরা মন্দিরে সামনের ফুলের টব ভাংচুর করে ও ব্যানার ছিঁড়ে ফেলে। পরে তারা মিষ্টির দোকানসহ পাঁচটি দোকান ও ইউনিভারসিটি অফ ইনফরমেশন টেকনোলজি সায়েন্স (ইউআইটিএ) রাজশাহী ক্যাম্পাস ভবনে ইটপাটকেল ছুঁড়ে এবং কাচ ভাংচুর করে।
পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনিল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ দলের কর্মীরা মন্দিরে ও সংখ্যালঘুর খাবার দোকানে হামলা চালিয়ে প্রমান করেছে তারা দেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায়।”
