হরতালের আগে নাশকতা: রাজধানীতে ১৬ মামলা
বিরোধী দলীয় জোটের তিনদিনের হরতালের আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় ১৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর তেজগাঁ, রমনা, ডেমরা, পল্টন, কামরাঙ্গীর চর, চকবাজার, লালবাগ, শাহবাগ, কলাবাগান, নিউমার্কেট, শেরেবাংলা নগর, বংশাল, ওয়ারী, সবুজবাগ ও কদমতলী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এর মধ্যে পল্টন থানায় দুটি এবং অন্যান্য থানায় একটি করে মামলা হয়েছে।
তবে এসব মামলায় আসামির সংখ্যা কতো, আসামিদের মধ্যে কে কে আছে- সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি আবু ইউসুফ।
তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা শহরে নাশকতার অভিযোগে মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ।
