বখতিয়ার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কলেজছাত্র বখতিয়ার মোহাম্মদ লতিফকে (২০) গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে মুগদা ও শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর আলম মাতাব্বর জানান।
গ্রেপ্তার চারজন হলেন- মো. খলিল (৩৪), মো. আখতার (৩৫), মো, রুস্তম আলী (৫০) ও মো. জালাল উদ্দিন জালাল (৪৫)।
রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “তারা সবাই ডাকাত দলের সদস্য। তাদের সর্দার হলো আখতার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, ডাকাতির সময় বাধা দেয়ায় বখতিয়ারকে গুলি করে খলিল।”
গুলির পর ডাকাতরা মালামাল না নিয়েই চলে যায় বলে জানান তিনি।
উপ-কমিশনার জানান, আখতারের নেতৃত্বে ১০/১২ জনের এই দলটি দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। ১০ অক্টোবর কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে হাবিব ও স্বপন নামে দুইজন জনতার হাতে ধরা পড়ে। তাদেরও এ মামলায় আনা হবে।
গত ১২ সেপ্টেম্বর রাতে উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাসায় ঢুকে বখতিয়ারকে গুলি করে হত্যা করে ডাকাতরা।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ। ডাকাতরা বাড়ি থেকে ৪ ভরি সোনা নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
জাহিদ আল লতিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভীর ভাই।
জাহিদ লতিফ ও স্ত্রী সামছুন্নাহার ফেরদৌসীও পুলিশের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নিহত বখতিয়ার লতিফ
বখতিয়ারের বাবা গ্রেপ্তার ডাকাতদের চিনতে পেরেছেন বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
কুকুর মেরে তারপর ডাকাতি
বখতিয়ারদের বাড়িতে আগেও দু’বার ডাকাতির পরিকল্পনা করেছিল আকতারের বাহিনী। কিন্তু দুটি কুকুর থাকায় তারা ব্যর্থ হয়।
ডাকাত সর্দার আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে ডাকাতি করলে অনেক টাকা পাওয়া যাবে এ তথ্য পান স্থানীয় ডাকাত কানা সাত্তারের কাছ থেকে।
“কুকুরের কারণে বাড়িতে ঢোকা যাচ্ছিল না। তাই কৌশলে মতি নামে আমাদের এক সঙ্গী ভাত-মাংসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মেরেছিল একটি কুকুরকে। তবে সাদা আরেকটি কুকুর ছিল।”
বখতিয়ারের মা সামছুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদুল ফিতরের পরদিন একটি কুকুর মারা যায়।
“এরপর সাদা কুকুরটি কেমন যেন চুপসে যায়। সে আর কাউকে দেখলে ঘেউ ঘেউ করত না।”
বখতিয়ারকে কেন গুলি করেছেন জানতে চাইল খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বখতিয়ারের রুমে ঢোকার পর সে আমাকে জোরে চেপে ধরেছিল। তাই তাকে গুলি করি।”
তবে বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ বলেন, বখতিয়ার খলিলকে চেপে ধরেনি।
বখতিয়ারের মা বলেন, “ডাকাত দল রুমে ঢুকেই টিভিটি বন্ধ করে দেয়। এসময় বখতিয়ার চিৎকার করে উঠলেই ডাকাত দল গুলি ছোড়ে।” “
গোয়েন্দা পুলিশের উপ-কমিশানার মনিরুল ইসলাম বলেন, ওই এলাকার ডাকাত কানা সাত্তার মাধ্যমে ওই বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করেন আখতার বাহিনী।
কানা সাত্তারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে সে কারাগার থেকে জামিনে বের হন।
