হবিগঞ্জে ওষুধের গাড়িতে আগুন, আটক ২
হবিগঞ্জে হরতালের সকালে ওষুধ কোম্পানির একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা। এ ঘটনায় ছাত্রদলের স্থানীয় দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার এসআই সুদীপ রায় জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের শায়েস্তানগর এলাকা দিয়ে ওষুধবাহী একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় তাতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা।
পরে সকাল ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়।
এরা হলেন-সদর উপজেলার বড়বহুলা গ্রামের লাল মিয়ার ছেলে মুশাহিদ মিয়া ও হবিগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকার আব্দুল আহাদের ছেলে রানা মিয়া (১৯)।
পুলিশের এই কমৃকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের প্রবেশমুখ শায়েস্তানগর পয়েন্টে সকালে হরতালের সমর্থনে ১৮ দলীয় নেতাকর্মীরা পিকেটিং করছিল। এ সময় ‘এসিআই’ ওষুধ কোম্পানীর একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ভ্যানের সব ওষুধ পুড়ে চাই হয়ে গেছে। পালিয়ে গেছেন ভ্যানের চালক।
পরে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এর আগুন নিয়ন্ত্রণে আনে।
