২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের শুরুতেই গাড়িতে আগুন, বোমাবাজি

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষিপ্ত বোমাবাজির মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য অবস্থান নেন। এর মধ্যেও হরতালের শুরুতেই যাত্রবাড়ী, মিরপুর, তেজগাঁও, আজিমপুরসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল নিয়ে নাশকতা ঘটায় হরতালকারীরা।

দারুস সালাম থানার এস আই শহীদুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে গাবতলী টার্মিনালের সামনে বিআরটিসির দুটি দোতলা বাস পুড়িয়ে দেয়া হয়।

কাছাকাছি সময়ে মিরপুর বেড়িবাঁধ এলকায় পোড়ানো হয় পাবনা পরিবহনের একটি বাস।

এ সময় সনি সিনেমা হলের দিকে কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানান, আশুলিয়ায় আজাদ ফিলিং স্টেশনের সামনে সকাল ৫টা ৫৫ মিনিটে শ্যামালী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

এছাড়া সকালে টঙ্গীর হোসেন মার্কেটের সামনে একটি এবং দনিয়া কলেজের সামনে একটি বাস পুড়িয়ে দেয়া হয়। 

খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে নীলুফার ইয়সমিন জানান। 

মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান জানান, সাড়ে ৬টার দিকে স্টেডিয়ামের সামনে একদল পিকেটার ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুর ও স্টেডিয়ামের দিকে ঢিল ছোড়া শুরু করলে ১২ জনকে আটক করে পুলিশ।

এদের মধ্যে যুবদল ও শিবির কর্মীরা রয়েছে বলে মিরপুরের ওসি জানান।

এছাড়া সকাল ৬টার দিকে জামায়াত-শিবির কর্মীরা প্রশিকা মোড়ে ঝটিকা মিছিল বের করলে সেখান থেকে সাত জনকে আটক করা হয় বলে মিরপুর মডেল থানার এস আই রেজাউল করিম জানান।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে বিবিরবাড়ি এলাকায় ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে সামনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেখান থেকে ওই কার্যালয়েও আগুন লেগে যায়।

তবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন বলে রুহুল আমিন জানান।  

লালবাগের ওসি নুরুল মোত্তাকিন জানান, আজিমপুর সাদরা মসজিদের সামনে হরতাল সমর্থকরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ওই সময়ে আজিমপুরে দুটি অটোরিকশা পোড়ানোর খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

সকালে তেজগাঁও সাত রাস্তা এলাকায় যুবদল কর্মীরা মিছিল নিয়ে কয়েকটি ককটেল ফাটায়। পুলিশ ধাওয়া দিলে তারা আশেপাশের গলিতে সরে যায়।

হরতালের কারণে সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সকালের প্রথম ভাগে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম। তবে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

পুরনো খবর:

হরতালের আগে তাণ্ডব, বোমা হামলা