২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে তাণ্ডব, বোমা হামলা

বিরোধীদলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে হরতাল সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:47 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

হরতালের আগে সারাদেশে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ

গণমাধ্যম কার্যালয়, বিচারপতি ও মন্ত্রীর বাসা, পুলিশ কর্মকর্তার কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি আগুন দেয়া হয়েছে অন্তত ২০টি পরিবহনে। এসব ঘটনায় সংবাদকর্মীসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বিভিন্নস্থানে বোমা হামলা এবং নাশকতার ঘটনায় রাজধানীতে এদিন ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ছয় জনকে এক বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২৫ অক্টোবর সরকারের মেয়াদ শেষ হওয়া না হওয়া নিয়ে দেশব্যাপী চরম উত্তেজনার কারণে রাজধানীজুড়ে শনিবারও ছিল কড়া নিরাপত্তা।

সন্ধ্যায় দুই প্রধানদলের নেত্রীর মধ্যে টেলিফোন আলাপের ক্ষণে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হলেও সেই মুহূর্তটিতে টেলিভিশন স্টেশন একাত্তরে বোমা হামলায় আহত হন সংবাদ মাধ্যমটির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক জাকারিয়া আকন্দ বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসেন।

বিপ্লবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ইউনাইটেড হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকালে বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বেলা ১১টার দিকে মোটর সাইকেলে এসে কয়েকজন যুবক বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

একাত্তরে গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজায় দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় আপলি বিভাগের যে বেঞ্চ থেকে এসেছে বিচারপতি সিনহা তার বিচারক।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে পল্টনে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে, সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবএইড হাসপাতালের সামনেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বেলা দেড়টার দিকে ‘পল্টন টাওয়ারের’ সামনেও থেমে থাকা গাড়ি লক্ষ্য করে বোমা ফাটায় হরতাল সমর্থকরা। এছাড়া প্রায় একই সময় মগবাজারে সড়কে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা গেছে।

সন্ধ্যায় বোমা হামলা হয়েছে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের বাসায়। তবে এসব ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

গাড়িতে আগুন, নাশকতা

বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও কলেজের সামনে, বেলা দেড়টার দিকে কলাবাগান ওভার ব্রিজের নিচে, বেলা ৩টার দিকে কাওরানবজারে বিসিআইসি ভবনের সামনে, বিকাল সাড়ে ৪টার দিকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে, বিকাল পৌনে ৬টার দিকে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায়, রাত পৌনে ৮টার দিকে মহাখালীর সৈনিক ক্লাবের সামনে, মিরপুরের সনি সিনেমা হলের সামনে এবং মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাস, কভার্ডভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

বাইরে ফার্মগেইটে বাস, কলাবাগানে একটি গাড়ি এবং কারওয়ান বাজারে একটি সিএনজি অটোরিকশায়, মিরপুর মাজাররোড এলাকায় দুইটি ট্যাক্সি ক্যাবে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।