হরতালের আগে সারাদেশে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটের বিপরীতমুখী অবস্থানের মধ্যে দেশের বিভিন্ন জেলায় মিছিল, হামলা, ভাংচুর ও সংঘর্ষ হয়েছে।
শনিবার ১৮ দলীয় জোট আহূত ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল বের করে বিএনপি ও জামায়াতকর্মীরা। কোনো কোনো স্থানে আওয়ামী লীগকর্মীরা মিছিল বের করে।
পুলিশ ও আওয়ামী লীগকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়। রাজশাহীতে এক শিবির নেতা নিহতসহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মী আহত হয়েছেন।
জেলাগুলো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমর প্রতিনিধিদের পাঠানো সংবাদ
বগুড়া
বগুড়ার ধুনটে হরতাল সমর্থনে ১৮ দলের মিছিল থেকে একটি পাটবোঝাই গাড়িতে আগুন দেয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এক বিএনপি নেতার বাড়ি ও দুটি মোটর সাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধুনট থানার ওসি শাহজাহান পাশা জানান, পাটের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শহরে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পর পর দুটি এবং রাত ৯টার দিকে আরো দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, আতঙ্ক সৃষ্টির জন্য হরতালের সমর্থকরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে।
গাইবান্ধা
গোবিন্দগঞ্জ উপজেলার বাসুদেবপুর বাজারে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর ও তিনটিতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
হামলায় উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার (৫৫), ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল ওয়ারেছসহ (২৫) অন্তত পাঁচজন আহত হন।
আব্দুর রহমান মাস্টারকে বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক মেহেদি রাসেল জানান, রাত দিকে ৮টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাসুদেবপুর বাজারে আসলে জামায়াত শিবির কর্মীরা হামলা চালায়। তারা পালিয়ে গেলে হামলাকারীরা মোটরসাইকেলে ভাংচুর ও আগুন দেয়।
গাজীপুর জেলা শহর, কালীগঞ্জ, টঙ্গী ও চান্দনা-চৌরাস্তা এলাকায় ৭টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ধারণা করছে হরতাল সমর্থকরাই এ অগ্নিসংযোগ করে।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, রাত নয়টার দিকে কালীগঞ্জের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যান ও একটি পিকআপে আগুন দেয় হরতাল সমর্থকরা। পরে পুলিশ ও এলাকাবাসী আগুন নেভায়।
বিকালে হরতালের সমর্থনে টঙ্গীতে বিএনপি-জামায়াত জোট নেতাকর্মীরা মিছিল করেছে।
মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় চেরাগআলী মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায় ও হাত বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ।
মাগুরায় হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলের সময় ছাত্রলীগ ও ছাত্রদলকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিএনপি কর্মীরা এক ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
নারায়ণগঞ্জ
সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে রাত ৮টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় আল্লাভরসা পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়ে বলে জানান ফতুল্লা থানার ওসি আকতার হোসেন।
রাত ৯টার দিকে আড়াইহাজার সদর বাজারে হরতাল সমর্থকরা মিছিল বের করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
ফেনী
ফেনীর-সোনাগাজী সড়কের মতিগঞ্জ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয় বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল।
নাটোর
সন্ধ্যায় নাটোর শহরের ১৮ দল হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হন।
পুলিশ এক বিএনপি নেতাকে আটক করার চেষ্টা করলে হরতাল সমর্থকরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হয়।
সংঘর্ষ থামাতে অর্ধশতাধিক রাবার বুলেট ছোঁড়া হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ।
নেত্রকোনা
নেত্রকোনায় শহরে সন্ধ্যায় হরতালের সমর্থনে বিএনপি মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পরে আওয়ামী লীগের একটি হরতাল বিরোধী মিছিল থেকে হামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয়ের কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে আগুন নেভায়।
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা
এ সময় ১৮ দলের নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়, কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে।
পাবনার আমিনপুর থানার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রংপুর
রংপুরের বিভিন্ন এলাকায় ১০টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টায় উপজেলার ঈদগাহ মাঠের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধাগামী ৪টি বাস ভাংচুর করে শিবিরকর্মীরা। এর আধাঘণ্টা পর এই স্থানে আরো একটি গাড়ি ভাংচুর করা হয়।
এসময় ভাংচুরকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চার রাউণ্ড ফাঁকা গুলি চালায়।
কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নগরীর দখিগঞ্জ, জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে এবং দর্শনার মোড়ে তিনটি ব্যাটারি চালিত অটোরিকসা, দুইটি পিকআপ ও একটি প্রাইভেট কার ভাংচুর করে পিকেটাররা।
খুলনা
খুলনা মহানগরীর জেলখানা ঘাটে একটি ফেরিতে আগুন দিয়েছে দুস্কৃতকারীরা।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনার ঘটে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি মো শাহাবুদ্দীন আজাদ জানান, কয়েকজন যুবক ফেরিতে আগুন লাগিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
