গাজীপুরে টার্বো চার্জার সার্ভিসিং স্টেশন
গাজীপুরে পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন ইঞ্জিনের শক্তি বাড়ানোর সার্ভিস স্টেশন স্থাপন করেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান এবিবি।
শনিবার বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় এই টারবো চার্জার সার্ভিসিং স্টেশন উদ্বোধন করেন এবিবির সুইজারল্যান্ডের টারবো সিস্টেম বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার রলফ সুইজার।
এ সময় প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রজনীশ ব্যানার্জি, টারেবো চার্জিং বিভাগের বিজনেজ ম্যানেজার সৈয়দ শরিফুল ইসলাম, লো-ভোল্টেজ প্রডাক্টের মার্কেট ম্যানেজার সুব্রত কুমার দেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারা স্টেশনটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
রলফ সুইজার সাংবাদিকদের বলেন, ৫০০ কেভিওয়াট থেকে ৮০ মেগাওয়াট ক্যাপাসিটির দুই অথবা চার স্ট্রোক ডিজেল অথবা গ্যাস ইঞ্জিনের টার্বো চার্জিংয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ কোম্পানি এবিবি।
একজন গ্রাহক এবিবি থেকে এ ধরনের সেবা গ্রহণের মাধ্যমে ইঞ্জিনের বিশেষ ধরনের পাওয়ার আউটপুট ৩০০ শতাংশ বৃদ্ধি এবং জ্বালানি খরচ ১০ শতাংশ কমিয়ে আনতে পারবে।
এছাড়া এবিবির টার্বো চার্জিং সল্যুশন কার্বনসহ নানাবিধ গ্যাস দূষণের হাত থেকে পরিবেশকে সুরক্ষা দিতেও সক্ষম।
বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রজনীশ ব্যানার্জি জানান, এবিবির টার্বো চার্জার বাংলাদেশে বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে।
তিনি জানান, ২০০৭ সালে এবিবি চট্টগ্রামে প্রথম সার্ভিস স্টেশন স্থাপন করে। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবার গাজীপুরে এ ওয়ার্কশপ স্থাপন করা হয়। এখানে রয়েছে ফ্লোরস্পেস।
এখানে পরবর্তীতে একটি ওয়্যারহাউস গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
বিজনেজ ম্যানেজার সৈয়দ শরিফুল ইসলাম জানান, এদেশে বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রগুলোতে ইঞ্জিনের সঙ্গে এবিবির তৈরি টার্বো চার্জার ব্যবহৃত হচ্ছে। এ প্রতিষ্ঠানে অত্যাধুনিক ব্যালেন্সিং মেশিনে সার্ভিসিং করা হয়।
এ কাজের জন্য বাংলাদেশে ৫৫ জন প্রকৌশলী কাজ করছেন বলে তিনি জানান।
তিনি বলেন, এবিবি লো ভোল্টেজ প্রডাক্ট, মিডিয়ম ভোল্টেজ প্রকাক্ট, পাওয়ার ট্রান্সফরমার, বৈদ্যুতিক যন্ত্রাংশ, ইলেক্ট্রিক মোটর, সুইস, সকেট, সুইস গিয়ারসহ বিভিন্ন পণ্য ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে।
ঢাকার গুলশানে রয়েছে এবিবির কান্ট্রি অফিস। এছাড়া চট্টগ্রামে একটি সার্ভিস স্টেশন আছে।
মার্কেট ম্যানেজার সুব্রত কুমার দে জানান, এ স্টেশনটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। এখানে সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে চাহিদা মেটানো হয়। এখানে ব্যবহৃত এলইডি লাইট ও মেশিনপত্রগুলো বিদ্যুৎ সাশ্রয়ী।
