২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই বাসে আগুন

হরতালের আগের সন্ধ্যায় সাভারে আগুনে দুটি বাসের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 08:41 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার সন্ধ্যায় সাভারের থানা বাসস্ট্যান্ডের কাছে এবং আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দিয়েছে এবং আরেকটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরেছে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

পরে ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা বাসস্ট্যান্ডের কাছে আনন্দ সুপার পরিবহনের একটি বাসে আগুন দেয় বলে এর চালক জানান।

বাসটির চালক জামাল উদ্দিন বলেন, একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক পেট্রোল ঢেলে তার গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে বাসে আগুন লেগেছে। কেউ আগুন লাগিয়ে দেয়নি।

সাভার বাসস্ট্যান্ড এলাকার অদূরে অবস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। আগুনে বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।