২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেয়াদব ছেলেপুলে মিছিল থেকে ঘটিয়েছে'

বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টা হরতাল শুরুর আগের বিকেলে রংপুরে কয়েকটি গাড়ি ও ভবনের কাচ এবং আওয়ামী লীগ নেতাদের বিলবোর্ড ভাংচুর করেছে বিএনপির বিক্ষোভকারীরা

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রংপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামসুজ্জামান সামু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কিছু বেয়াদব ছেলেপুলে মিছিল থেকে এ ঘটনা ঘটিয়েছে।’

তবে পুলিশের উপস্থিতিতে এসব ভাংচুর হলেও কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি।

“তবে ভিডিও ফুটেজ দেখে ভাংচুরকারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে গত শুক্রবার ঢাকার সোহরওয়ার্দি উদ্যানের জনসভা থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ২৭ অক্টোর সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬ পর্যন্ত হরতালের ডাক দেয়।

রোববার থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে শনিবার বিকেল ৪টায় নগরীর গ্র্যাণ্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি সিটি বাজার যাওয়ার পথে সোনালী ব্যাংক, ভরসা টাওয়ার, যমুনা ব্যাংক, রংপুর প্রেসক্লাব কমপ্লেক্স, মার্কেন্টাইল ব্যাংকে ঢিল মেরে কাচ ভেঙে ফেলে।

এছাড়া ৮-৯টি ব্যাটারি চালিত অটোরিকশাও ভাংচুর করে মিছিলকারীরা।

এ সময় সড়কের দুই পাশে আওয়ামী লীগ নেতাদের লাগানো বিলবোর্ডগুলোও ভাংচুর করা হয়।

এসময় পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সামসুজ্জামান সামু, সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ, সম্পাদক আনিছুর রহমান লাকু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন।

বক্তারা হরতালে মাঠে নেতাকর্মীদের থাকার আহ্বান জানান।

এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জেলা ছাত্রলীগ বিকেলে কাচারী বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ তাপস, সম্পাদক ফখরুল হাসান লিও।