রাজশাহী থেকে দূরপাল্লার বাস বন্ধ
১৮ দলীয় জোটের হরতালের ঘোষণার পর ভাংচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় রাজশাহীতে থেকে দূরপাল্লার সব বাস বন্ধ করে দিয়েছে মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
রাজশাহী বাস কাউন্টার মাস্টার সমিতির সভাপতি শহিদুল হক সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল শুরুর আগেই বাসে হামলা হয়, আগুন দেযা হয়। তাই নিরাপত্তার দিক বিবেচনা করে শনিবার বেলা ১টা থেকে ঢাকাগামী সব বাস বন্ধ রাখতে বলেছেন মালিকরা। তবে, সকালের দিকে কিছু বাস ছেড়েছে।
যে বাসগুলো সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা, সেসব বাসের আগাম যেসব টিকেট বিক্রি করা হয়েছিল। তা যাত্রীদের কাছ থেকে ফেরত নেয়া হয়েছে বলেও তিনি জানান।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকেও ঢাকাগামী সব বাস বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহীতে নিরাপত্তার কোনো সমস্যা নেই। ঢাকায় ঢোকার পর বাসে হামলা হতে পারে এমন আশঙ্কায় তারা বাস বন্ধ রেখেছে।”
