চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ মামলা
চট্টগ্রামে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় চারটি মামলা করেছে পুলিশ।
শনিবার সকালে কোতোয়ালী, খুলশী, বন্দর ও চান্দগাঁও থানায় কারো নাম উল্লেখ না করে এসব মামলা করা হয়।
কোতোয়ালী থানার এসআই শেবু বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ট্রাফিক পরিদর্শক শওকত আলী ভূঁইয়া বাদি হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে এবং বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
খুলশী থানার এসআই জাহেদ হোসেন জানান, শুক্রবার কাজীর দেউড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় এএসআই সঞ্জীব দত্ত বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। এই মামলাতেও কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
চান্দগাঁও থানার এসআই এসআই নিবেদিতা দে জানান, বহদ্দারহাটে ভাংচুর ও পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় চান্দগাঁও থানার এসআই এরশাদুল হক বাদি হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে একটি মামলা করেছে।
ফকিরহাট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় বন্দর থানার এসআই তাজউদ্দিন বাদি হয়ে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেছে বলে জানান ডিউটি অফিসার এএসআই আবু কাউছার।
শুক্রবার নগরীর কাজীর দেউড়ী মোড়ে ১৮ দলীয় জোটের সমাবেশ চলাকালে নগরীর লালখান বাজার এলাকায় আমীন সেন্টারে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা।
এছাড়া বহদ্দার হাট এলাকায় গাড়ি ভাংচুর করে এবং পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদল কর্মীরা।
