ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া সদরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সুহিলপুর মীরহাটিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘উত্তরা পরিবহন’ নামে বাসের চালক এমরান হোসেনকে (৩৫) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক বায়েজিদ বলেন, আশুগঞ্জ থেকে ছেড়ে আসা কসবাগামী লোকাল বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা থেকে ঢাকাগামী উত্তরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত ২০ জন।
