২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুড়হুদায় এক রাতে ১৪ বাড়িতে ডাকাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক রাতে ১৪টি বাড়িতে ডাকাতি হয়েছে। গৃহকর্তারা জানিয়েছেন, তাদের মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, শুক্রবার রাতে প্রায় একই সময় কার্পাসডাঙ্গা শিবনগর উপনিয়নের পাশাপাশি দুই গ্রাম মধুপুর ও কাঁঠালপাড়ার ১৪টি বাড়িতে হানা দেয় ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল।

গৃহকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে একদল মুখোশধারী ডাকাত বাড়িগুলোতে হামলা চালায়। তারা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, সোনার গহনা ও অন্যন্য মুল্যবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে।     

গ্রামবাসী জানায়, ডাকাতরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এলাকা ছাড়ে।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীব বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।