চট্টগ্রামে সাকা সমর্থকদের হামলা, ভাংচুর
চট্টগ্রামে বিরোধী দলের সমাবেশ চলাকালে নগরীতে একটি বিপণী বিতানে ভাংচুর এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক ছাত্রদল কর্মীরা।
এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের পারিবারিক মালিকানার বিপণীবিতান আমীন সেন্টারে ভাংচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে পুলিশের ওপর চড়াও হয় হামলাকারীরা।
এ সময় হামলাকারীদের অনেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর এবং আরেক অংশ দণ্ডিত জামায়াত নেতাদের মুক্তি দাবিতে স্লোগান দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আমিন সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টা থেকে সোয়া ৫টার মধ্যে একদল লোক লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে মার্কেটে ভাংচুর চালায়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্য জানান, ছাত্রদলের একদল নেতাকর্মী কাজীর দেউড়ি থেকে ইস্পাহানি মোড়ে এসে আমিন সেন্টারে হামলা চালায়।
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত পুলিশ সদস্যরা এক রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে। এ সময় তিন দিক থেকে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় আমীন সেন্টারের পাশাপাশি কেএফসি রেস্তোরাঁ এবং আশপাশের কয়েকটি ভবনেও হামলা হয়।
পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ফাঁকা গুলি ছুড়ে এবং কাঁদুনে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খুলশী থানার ওসি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজীর দেউড়ির দিক থেকে একদল লোক এসে আমীন সেন্টারে হামলা চালায়। তাদের অনেকের মাথায় সাদা ও হলুদ কাপড় বাঁধা ছিল।
অনেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবি জানিয়ে শ্লোগান দিয়ে কাজীর দেউড়ি এলাকা থেকে ইস্পাহানি মোড় এলাকার দিকে আসে। অনেকের হাতে ছিল যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি সম্বলিত পোস্টারও।
এসময় তারা ওয়াসা মোড় থেকে ইস্পাহানি মোড় পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটেও আগুন দেয়।
এর আগে সমাবেশে যোগ দিতে আসার সময় শিবির কর্মীরা চকবাজার এলাকায় বেসরকারি চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ এবং মতি টাওয়ারসহ কয়েকটি মার্কেটে ও কয়েকটি অটো রিক্সা ভাংচুর করে ছাত্রদল কর্মীরা।
এদিকে মুরাদপুর এলাকায় ছাত্রদল কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে তারা সটকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
