নেত্রকোনায় বিএনপির ঝটিকা মিছিল থেকে বাস ভাংচুর
১৪৪ ধারা ভঙ্গ করে নেত্রকোনা শহরের পারলা এলাকায় বিএনপি একটি ঝটিকা মিছিল বের করে বাস ভাংচুর করেছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় মিছিলকারীরা নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের ওপর নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেস নামে একটি বাস ভাঙচুর করে।
পরে পুলিশের ধাওয়া করলে মিছিলকারীরা পালিয়ে যায় বলে জানান নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম।
নেত্রকোনা পৌরসভা এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
ওসি জানান, জেলা বিএনপি নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট ভবনের সামনে দুপুর ১২টায় সমাবেশ ডাকে। একই সময়ে এই সমাবেশ স্থলের কাছাকাছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামী লীগও সমাবেশ আহ্বান করে। এর প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়।
