২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের একঘণ্টা পর মুক্ত ফুটবলার এমিলি

নারায়ণগঞ্জে সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলিকে আটকের একঘণ্টা পর সদর মডেল থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী রেজা উজ্জ্বল এমিলিকে থানা থেকে নিয়ে যান।

ওসি আরো জানান, সকালে নারায়ণগঞ্জ ক্লাব ও শহরের চাষাঢ়া রাইফেল ক্লাব এলাকায় বেশ কয়েকটি রিকশা ভাংচুর করেন এমিলি। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।

তবে আটক হওয়ার আগে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে ‘অস্ত্র ঠেকিয়ে মারধরের’ অভিযোগ তুলেন এমিলি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক এমিলি শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকালে নারায়ণগঞ্জ ক্লাবে  শামীম ওসমানের রোষের শিকার হন তিনি।

এরপর বিকালে পুলিশ এমিলিকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ থানায় নিয়ে যায়।

শামীম ওসমান এই সাবেক ফুটবলারের অভিযোগ অস্বীকার করেছেন।

এমিলি সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে গাড়ি রেখে সভাপতির সঙ্গে দেখা করতে ভেতরে যান তিনি। এ সময় ‘শামীম ভাই ডাকছেন’ বলে তাকে ডেকে নিয়ে যায় এই আওয়ামী লীগ নেতার দুই ‘অস্ত্রধারী’ অনুসারী।

এমিলির দাবি, তিনি যাওয়ামাত্র শামীম ওসমান দৌঁড়ে এসে তার বুকের উপর এলোপাথাড়ি লাথি মারেন এবং মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মারার হুমকি দেন।

শামীম ওসমান এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “এমিলির সঙ্গে তো আমার দেখাই হয়নি। ওতো মাদকাসক্ত। কি আবোল তাবোল বকছে… আমি কেন তাকে মারব?”

এদিকে বিকেল পৌঁনে ৩টার দিকে এমিলির ছোট ভাই সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বাসা থেকে তার ভাইকে আটক করে নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. শাহ্ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য এমিলিকে আটক করা হয়েছে।”