দিনাজপুরে দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
দিনাজপুর-ফুলবাড়ী সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন মেয়েটির বাবা, যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
শুক্রবার দুপুরে বাড়াইহাট এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মুক্তা বেগম (৩৫) ও তার মেয়ে মৃত্তিকা (৭)।
মুক্তার স্বামী আহত নজরুল ইসলামকে (৩৮) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি রবিউল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর অভিমুখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
বাস চালক দুর্ঘটনার পর দ্রুত বাস নিয়ে পালিয়ে গেছে।
হতাহতদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার থানাপাড়ায়। তারা ফুলবাড়ীর এক আত্মীয়ের বাড়ি থেকে বীরগঞ্জ ফিরছিলেন।
