২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় ৫ জেলায় বিজিবি মোতায়েন

নির্বাচনের ক্ষণগণনার শুরুর দিনে প্রধান দুই দলের নেতৃত্বাধীন দুই জোটের পাল্টাপাল্টি সভা-সমাবেশের ঘোষণা দেয়ায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 02:52 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

রংপুর মহানগর, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও মানিকগঞ্জে রংপুরে অপ্রীতিকর পরিস্থিতির ঠেকাতে টহলে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে প্রতিবেদন-

রংপুর

অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করতে শুক্রবার সকাল থেকে নগরীতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

রংপুর জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুরে আওয়ামী লীগ, ১৮ দল ও জাসদের পৃথক সমাবেশ ডাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় নগরীর পায়রা চত্বরে সমাবেশ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। অপরদিকে এর ৩০০ গজ দূরেই রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে জেলা জাসদ। আর ২০০ গজ দূরে বেতপট্টির দলীয় কার্যালয়ে বাদ জুমা কর্মী সমাবেশ আহ্বান করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে সংঘাতের আশঙ্কায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে।

কক্সবাজার

নাশকতা এড়াতে শুক্রবার সকাল থেকে কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পুলিশ-র‌্যাব সদস্যদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন করছে।

তিনি জানান, কক্সবাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের ঘোষণা থাকায় বিজিবিকে মাঠে নামানো হয়েছে।

নোয়াখালীতে বিজিবি মোতায়েন, দুই দলের সমান প্রস্তুতিতে জনমনে উৎকন্ঠা

নোয়াখালী

নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল-সমাবেশের ঘোষণায় সদর ও চৌমুহনীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম জানান, বিজিবি সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া সবকটি উপজেলায় এরই মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকাল ৩টা থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শহরের নতুন বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে।অপরদিকে দুপুর আড়াইটার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে জেলা আওয়ামী লীগ।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পুলিশ ও আর্মড পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশী নিরাপত্তাও।

শুক্রবার সকালে কেন্দ্রীঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ রফিক সড়কে সমাবেশ করতে পারেনি বিএনপি নেতাকর্মীর। পরে সকাল ১১টার দিকে পুলিশী বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছেন তারা।

সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোকসেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান ও যুগ্ম সম্পাদক মোতালেব হোসেনসহ অন্যান্য নেতারা।

ফেনী

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের ঘোষণায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েনের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগ শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর এবং বিএনপিসহ ১৮ দল শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কে সমাবেশের আয়োজন করেছে।