কক্সবাজার ও জামালপুরে ১৪৪ ধারা জারি
কক্সবাজারের চকরিয়া উপজেলা ও জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা দেয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা এড়াতে শুক্রবার বেলা ১১টা ৪৫মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, বিএনপি-আওয়ামী লীগের মিছিল-সমাবেশের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সকালে নাশকতা সৃষ্টির অভিযোগে পৌর এলাকা থেকে ৩ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল-সমাবেশ ঘোষণা করায় জামালপুরের সরিষাবাড়িতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরিষাবাড়ি পৌর এলাকায় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশান বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।
শুক্রবার ভোর থেকে সরিষাবাড়ি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
