গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
গাজীপুরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এতে প্রায় আধাঘণ্টা ধরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল। আর ট্রাকটি আসছিল ঢাকার দিক থেকে।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন- বাসচালক গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর হোতাপাড়া এলাকার মো. কাওসার (৩৫), বগুড়ার সোনাতলা বালুরহাট এলাকার আরিফুল ইসলাম (২৪) ও কিশোরগঞ্জের কটিয়াদী বাইরহাটি গ্রামের জামাল উদিনের ছেলে মো. শামিম (২৮)।
নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আর আহতদের মধ্যে আছেন- ময়মনসিংহের তারাগঞ্জের আছিয়া এলাকার আব্দুল গনির ছেলে মো. ওবায়দুল (২৮), গাজীপুরের মাস্টার বাড়ি নতুন বাজার এলাকার ওসমান গনির ছেলে নয়ন (২২), গাজীপুরের শ্রীপুরের মাধখোলা এলাকার আমির উদ্দিনের ছেলে আরিফ হোসেন (১৮), একই এলাকার আব্দুল আজিজের ছেলে তৌফিক (২০), শ্রীপুরের মাওনার আবুল হোসেনের ছেলে হীরা (৩৫), শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার বাদশার ছেলে শ্যামল (২২), শ্রীপুরের ইস্কান্দারের ছেলে ইব্রাহিম (৩০) ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বলাই কর্মকার।
তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
এদের মধ্যে আরিফ ও তৌফিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
