চালুর অপেক্ষায় ইশ্বরদী বিমানবন্দর
বাণিজ্যিক ব্যাবহারের জন্য ১৭ বছর পর আবারো চালু করা হচ্ছে পাবনার ইশ্বরদী বিমানবন্দর।
দীর্ঘদিন পরিত্যক্ত বন্দরটিকে উড়োজাহাজ উঠানামার উপযোগী করে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার চালিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের প্রধান ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। সেখানে আভ্যন্তরীণ ফ্লাইট চালানোর উপযোগী করে সংস্কার কাজ শেষ।
প্রাথমিকভাবে বিমানবন্দরটিতে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ফ্লাইট উঠানামা করবে বলেও জানান তিনি।
“ইউনাইটেড এয়ারওয়েজের সঙ্গে কথা হয়েছে। তাদের প্রস্তুত থাকতে বলেছি।”
ইউনাইটেড এয়ারওয়েজের বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ অক্টোবর থেকে এ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা করতে বেবিচক তাদের জানিয়েছিল। তবে ২ নভেম্বর থেকে বিমান চলাচল শুরু করা যাবে বলে তারা বেবিচককে জানিয়েছেন।
“ফ্লাইট শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানো হবে। আর এ রুটে চলবে ড্যাস-৮ উড়োজাহাজ।”
শহীদুল আফরোজ জানান, বিমানবন্দরটির রানওয়ে, অ্যাপ্রোন ও টার্মিনাল ভবন মেরামত করা হয়েছে। কন্ট্রোল টাওয়ারে নেভিগেশন ও কমিউনিকেশনের যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে।
১৯৬০ সালে ইশ্বরদীতে ৪১২ একর জমির ওপর বিমানবন্দর চালু করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদী বিমানবন্দরের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানবন্দরটিতে ফ্লাইট চালালেও ১৯৯৬ সাল থেকে তাও বন্ধ হয়ে যায়।
