২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে দেয়া ৭০ ভাগ প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি

ক্ষমতাসীন মহাজোট সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসেও অধিকাংশ মন্ত্রণালয় তাদের প্রতিশ্রুতির বেশিরভাগই পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 12:19 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

চলতি নবম জাতীয় সংসদের ফ্লোরে মন্ত্রীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে ৩২ শতাংশ। আংশিক বাস্তবায়ন হয়েছে ৮ শতাংশ, প্রক্রিয়াধীন আছে ২৩ শতাংশ, বাস্তবায়ন হচ্ছে ২৯ শতাংশ আর অবাস্তবায়িত আছে ৭ শতাংশ।

মোট ৬৪৬টির প্রতিশ্রুতির মধ্যে ২০৮টি প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে।

এদিকে সংসদের ফ্লোরে বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া ৭০টি প্রতিশ্রুতির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৫টির। অবস্তবায়িত অবস্থায় আছে দুটি। আর বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে ২৩টি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এমন চিত্র বেরিয়ে এসেছে।

সংসদের কার‌্যবিবরণী এবং মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে তৈরি এই প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি আলী আশরাফ।

প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির সংসদের ফ্লোরে মোট ১২২টি প্রতিশ্রতি দেন।

এর মধ্যে এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়েছে ৪২টি প্রতিশ্রুতির। অবাস্তবায়িত অবস্থায় আছে ২৩টির, আংশিক বাস্তবায়ন করা হয়েছে ১৪টির, বাস্তবায়নাধীন আছে ৪০টি এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে ৩টি প্রতিশ্রুতির।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ৭৮টি প্রতিশ্রুতির মধ্যে বাস্তবায়ন করা হয়েছে ১৯টি প্রতিশ্রুতির। বাস্তবায়ন হয়নি ১৮টি প্রতিশ্রুতির। বাকিগুলোর মধ্যে বাস্তবায়নাধীন ৩০টি, প্রক্রিয়াধীন ১০টি এবং আংশিক বাস্তবায়িত একটি।

এই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন সাহারা খাতুন। এর আগে ছিলেন রাজিউদ্দিন আহমেদ রাজু।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার ২৪টি প্রতিশ্রুতির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪টির। ১৫টি এখনো প্রক্রিয়াধীন, আর ৪টি বাস্তবায়নাধীন। বাস্তবায়ন হয়নি ১টি প্রতিশ্রুতির।

ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার ৩১টি প্রতিশ্রুতির মধ্যে আটটির বাস্তবায়ন করা হয়েছে। ১৩টি বাস্তবায়নাধীন এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে ৮টি। এ মন্ত্রণালয়ের ২টি প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছে।

গত সাড়ে বছরেরও বেশি সময়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের ১৭টি প্রতিশ্রুতির মধ্যে ৩টির বাস্তবায়ন হয়েছে। পানিসম্পদমন্ত্রীর রমেশ চন্দ্র সেনের ৩১টির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৮টির। সংস্কৃতিমন্ত্রীর ৯টি প্রতিশ্রুতির মধ্যে বাস্তবায়ন ২টির।

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে পরিচিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের প্রতিশ্রুতির সংখ্যা ৪টি, যার মধ্যে ১টির বাস্তবায়ন হয়েছে এবং ১টির আংশিক বাস্তবায়ন হয়েছে।

বিমানমন্ত্রীর ১২টির মধ্যে বাস্তবায়িত ৩টি, আংশিক ২টি।

Image
জাতীয় সংসদের ফাইল ছবি

জাতীয় সংসদের ফাইল ছবি

সংসদীয় কমিটির তথ্য অনুযায়ী, যোগাযোগমন্ত্রী সংসদের ফ্লোরে ৩টি প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে ১টি প্রক্রিয়াধীন এবং ২টির বাস্তবায়ন হচ্ছে।

তথ্যমন্ত্রীর ৪৮টি প্রতিশ্রুতির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬টির। আংশিক বাস্তবায়ন হয়েছে ১৩টির, বাস্তবায়নাধীন ৫টি, প্রক্রিয়াধীন ২৪টি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৫টির মধ্যে ১৩টির বাস্তবায়ন হচ্ছে এবং ২টি আংশিক বাস্তবায়িত।

জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কে ৮টি প্রতিশ্রুতির মধ্যে ১টির বাস্তবায়ন হয়েছে। প্রক্রিয়ায় আছে ৪টি এবং বাস্তবায়নাধীন আছে ৩টি।

এদিকে বস্ত্র ও পাট এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সংখ্যা ২৩টি করে। যার মধ্যে দুই মন্ত্রণালয়ই ৭টি করে বাস্তবায়ন করেছে। প্রক্রিয়ায় আছে ১৩টি করে, বাস্তবায়নাধীন আছে ১টি করে, আংশিক বাস্তবায়িত ১টি করে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মোট প্রতিশ্রুতি ছিল ১৮টি, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬টির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯১টি প্রতিশ্রুতির মধ্যে ৩৭টির বাস্তবায়ন হয়েছে।

প্রতিশ্রুতি বাস্তবায়নের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে হাছান মাহমুদের পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের ১৭টির প্রতিশ্রুতির সবকটিই বাস্তবায়ন হয়েছে।

নবগঠিত রেলপথ মন্ত্রণালয়ের ৯টির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩টির; একই চিত্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের।

শিক্ষা মন্ত্রণালয়ের ২৮টি প্রতিশ্রুতির মধ্যে ১০টির বাস্তবায়ন হয়েছে।

এদিকে বাণিজ্য, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েল সংসদে কোনো প্রতিশ্রুতি নেই বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।