২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে মৃত্যু হলে দোষীর যাবজ্জীবন, বিল পাস

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের হাতে হেফাজতে কারো মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে একটি বিল পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 09:50 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল-২০১৩’ সংসদে পাসের প্রস্তাব করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

২০০৯ সালে এই বেসরকারি বিলটি আনেন সাবের হোসেন চৌধুরী।

মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে কোনো বিল আনলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়।

বিলে বলা হয়েছে আটক কোনো ব্যক্তিকে নির্যাতনের ফলে যদি তার মৃত্যু হয় তবে তাহলে দোষী ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত দুইলাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া হেফাজতে নির্যাতনের জন্য সর্বনিম্ন ৫ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্যাতনে প্ররোচিত বা সহায়তা করলেও জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলে মামলা দায়েরের ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে বলা হয়েছে। এছাড়া অভিযোগ প্রথম লিপিবদ্ধ করার তারিখ থেকে ৯০ কার্যদিবসের  মধ্যে তদন্ত শেষ করার বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, আদালতের সামনে কোনো ব্যক্তি যদি অভিযোগ করেন যে, তাকে নির্যাতন করা হয়েছে তাহলে আদালত তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করবেন এবং রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সাবের হোসেন চৌধুরী বলেন, “সংবিধানে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। মানুষের এসব সাংবিধানিক অধিকার সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও বিভিন্ন সময়ে তা লঙ্ঘিত হয়েছে। আইনের অপপ্রয়োগ হয়েছে বারবার।”