২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট, নাটোর ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা

দেশের অনেক এলাকার মতো সিলেট, নাটোর ও খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 08:44 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সিলেটে একই স্থানে একই সময়ে ১৮ দলীয় জোট ও ১৪ দল সমাবেশ ডাকায় সিলেটের কানাইঘাটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন জানান, ২৫ অক্টোবর কানাইঘাট পৌর শহরে ১৮ দলীয় জোট সমাবেশের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরে একই সময়ে পাল্টা সমাবেশের ডাক দিয়ে মাইকিং করা হলে দুই জোটের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

“আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান,  ১৪৪ ধারা ভঙ্গ করে কোন রাজনৈতিক দল সভা সমাবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যে কোন ধরনের নাশকতামুলক কর্মকান্ড এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

নাটোরের বনপাড়ায় ১৪৪ ধারা জারি

বিএনপি-র ডাকা সমাবেশস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সভা আহ্বান করায় নাটোরের বনপাড়া পৌরশহরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার সকাল ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বনপাড়া পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

তবে সভা করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

ইউএনও জানান,  গত বুধবার উপজেলা বিএনপি বনপাড়া বাসস্ট্যান্ডে শুক্রবার বিকেল তিনটায় কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

একইস্থানে একই সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ শোভাযাত্রার ডাক দেয়। এতে আইন শৃংক্ষলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ পরিস্থিতিতে বড়াইগ্রাম থানা ইউএনও-র কাছে ১৪৪ ধারা জারির আবেদন করে।

এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত আটটায় তিনি এ ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

এর পরপরই মাইকে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।

তবে বড়াইগ্রাম  উপজেলা বিএনপির আহ্বায়ক একরামুল আলম দাবি করেন, আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে তাদের অনুষ্ঠান পণ্ড করার ষড়যন্ত্র করছে।

“আমরা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করেছি। আমরা যে কোন মূল্যে অনুষ্ঠান করবো।”

খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা

শুক্রবার  খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে আওয়ামীলীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় শান্তিশৃংখলা বিঘ্নিত হবার আশঙ্কায় খাগড়াছড়ি পৌল এলাকায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

এ রআগে তার স্বাক্ষরিত এক চিঠিতে শহরের শাপলা চত্বর ও এর আশেপাশে ১৪৪ ধারা জারির কথা বলা হয়েছিল।