গাজীপুরে টেম্পো খাদে পড়ে শিশুসহ নিহত ২
গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী টেম্পো খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুনে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বাবুল ভুইয়ার মেয়ে রিয়া(৫) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা মধ্যপাড়া গ্রামের মৃত আবু হানিফ সরকারের ছেলে আরিফ সরকার (২২)।
আহতদের গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) মিস্টার আলী জানান, বেলা আড়াইটার দিকে গাজীপুর জেলা শহর থেকে যাত্রীবাহী একটি টেম্পো পূবাইল যাচ্ছিল। জয়দেবপুর-পূবাইল সড়কে ভাদুন সেতুতে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ টেম্পোটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই রিয়া ও আরিফ মারা যায়।
