২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সন্ত্রাসী-পুলিশ গুলিবিনিময়ে নিহত ২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে দুইজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 07:03 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বিকাল ৪টা পর্যন্ত চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি।

এ ঘটনায় সৈয়দুল আমিন (৩৫) ও শাহজালাল (২৫) নামের দুইজন মারা গেছে বলে কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা প্রণব চাকমা জানিয়েছেন।

নিহত সৈয়দুল রঙ্গিখালী এলাকার জাবের আহমদের এবং শাহজালাল আবদুল মজিদের ছেলে।

এছাড়া আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ সদস্য হিরন কুমার দেবকে কক্সবাজার সদর হাসপাতালে এবং আহত দুই আনসার সদস্যকে টেকনাফ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, গুলিবিদ্ধ সৈয়দুল ও শাহজালালকে আটক করে পুলিশ চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, “তারা ওখানে মারা যান।”

ওরা দুজনই চিহ্নিত ডাকাত এবং সৈয়দুলের বিরুদ্ধে ১২টি এবং শাহজালালের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান,  এতে এক পুলিশ সদস্য ও দুই আনসার সদস্যসহ বেশ কজন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দুইটি দেশি বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় লোকজন জানায়,  টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এই দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টায় হাতাহাতি থেকে গোলাগুলি শুরু হয়।

পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী গোলাগুলি শুরু হয়।