২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিজিবি মোতায়েন

প্রধান দুই দলের ডাকা পাল্টাপাল্টি কর্মসূচি এবং সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি সিলেটেও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

শুক্রবারের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণার প্রেক্ষিতে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ ও নাশকতা এড়াতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট শাহরিয়ার আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে জননিরাপত্তায় নগরীতে তিন প্লাটুন বিজিবি টহল শুরু করেছে। জরুরি প্রয়োজনে রিজার্ভ ফোর্স হিসেবে আরো দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার দুপুর থেকে র‌্যাব-পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি নামানো হয়েছে।

নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

তবে সারাদেশে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি কমর্সূচি দিলেও সিলেটে দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় শুক্রবার পাল্টা কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগ।

তবে রাজনীতির নামে অগণতান্ত্রিক কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার চেষ্টা করলে তার মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, “জেলা ও মহানগর আওয়ামী লীগ কারো গণতান্ত্রিক অধিকারে বাধা দিতে চায় না।

তবে সমাবেশ ও জামায়েতের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ১৮ দলকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার বিকালে সিলেটের কোর্টপয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সিলেট ১৮ দলীয় জোট।

এদিকে বৃহস্পতিবার বিকেলে কোর্ট পয়েন্টে জমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সিলেট মহানগর বিএনপির সভাপতি এম হক জানান, “যেকোনো মূল্যে আগামীকালের জনসভা সফল করতে তাদের সকল প্রস্তুতি রয়েছে। জনসভাকে সফল করতে নগরী ও নগরীর বাইরে মাইকিং করা হচ্ছে। নিয়মানুযায়ী সমাবেশের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে।’’

সিলেট মহানগর পুলিশ কমিশনার জানান, সমাবেশের অনুমতি চেয়ে ১৮ দলের আবেদন পেয়েছি। শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ বাধা দেবে না।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকায় শুক্রবারের সমাবেশ করার জন্য দা-কুড়াল নিয়ে কর্মীদের প্রস্তত থাকতে বলার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।   

একই কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে চট্টগ্রামে সকাল থেকেই বিজিবির টহল শুরু হয়েছে।