২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বৃদ্ধের ঝুলন্ত লাশ

যশোরের বেনাপোল সীমান্তে গাছের সঙ্গে ঝুলন্ত অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার সকালে বড়আচড়া গ্রামের বাসিন্দারা রপ্তানি চেকপোস্টের কাছে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের ১০ গজ পেছনে আর সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া থেকে মাত্র দুই গজ দূরে একটি গাছ থেকে গলায় রশি বাঁধা লাশটি ঝুলছিল।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও ওসি জানান।

তবে নিহতের পরিচয় পুলিশ জানাতে পারেনি। ওই বৃদ্ধ বাংলাদেশি না ভারতীয়- সে বিষয়েও পুলিশ নিশ্চিত নয়।

ভোর রাতের দিকে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে যায় বলে ওসি কাইয়ুম আলীর ধারণা।

অবশ্য এলাকাবাসীর ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সদস্যরা ওই বৃদ্ধকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে।