২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার‌্যকে রিট প্রত্যাহারের পরামর্শ সংসদীয় কমিটির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে উচ্চ আদালতে করা রিট আবেদনটি প্রত্যাহার এবং দ্রুততম সময়ের মধ্যে সিনেট নির্বাচনের ব্যবস্থা করতে উপাচার‌্য  আনোয়ার হোসেনকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বিনাশর্তে আন্দোলন প্রত্যাহারের তাগিদ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই হাই কোর্ট বিশ্ববিদ্যালয় সচল রাখার নির্দেশ দেয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, “বৈঠকে রিট আবেদনটি প্রত্যাহার এবং একই সঙ্গে রিট প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকদের বিনাশর্তে আন্দোলন প্রত্যাহার করার শর্ত দেয়া হয়।”

আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগের পর গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে উপাচার্য পদে স্থায়ী হন।

কিন্তু বছর না পেরুতেই শিক্ষক সমিতি তার পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।

এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় হন বিএনপি সমর্থক শিক্ষকরাও।

শিক্ষকদের আন্দোলনের কারণে অচল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রিট প্রত্যাহার করে যত দ্রুত সম্ভব সিনেট নির্বাচনের ব্যবস্থা করে উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হয় এবং নিজেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় না রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আন্দোলনরত শিক্ষকদের সিনেট নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করারও পরামর্শ দেয়া হয়।

রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, শেখ আব্দুল ওহাব, বীরেন শিকদার, জিয়াউর রহমান ও মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাবি উপচার‌্য আনোয়ার হোসেন, জাবির আন্দোলনকারী শিক্ষক কামরুল আহসান, হানিফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।