২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

সাভারে বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার সকালে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল ও ইন্ডাস্ট্রি অল ইউনিয়নের উদ্যোগে ধসেপড়া রানা প্লাজার সামনে এ মানববন্ধন হয়।

এ সময় স্বাধীন বাংলা গামের্ন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও ইউনাইটেড ফেডারেশন অব গামের্ন্টস ওয়ার্কার্সের নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে রানা প্লাজার নিহত-নিখোঁজ ও আহত শ্রমিক পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ভবন ধসের ঘটনায় নিহত-নিখোঁজ ও আহত শ্রমিক ও তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি।

অবিলম্বে নিহত ও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশসহ আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা।

মানববন্ধনে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিনুল হক আমিন, ইন্ডাস্ট্রি অল ইউনিয়নের কমিউনিকেশন অফিসার টম গ্রিন্টার, স্বাধীন বাংলা গামের্ন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন ও ইউনাইটেড ফেডারেশন অব গামের্ন্টস ওয়ার্কাসের সভাপতি রায় রমেশ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শ’রও বেশি শ্রমিক নিহত হন। আহত হন কয়েকহাজার।