নির্বাচন কমিশনার শাহনেওয়াজের বাসার সামনে বিস্ফোরণ
দেশজুড়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের বাসার সামনে ককটেল ফাটানো হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নির্বাচন কমিশনার জানান।
তিনি বলেন, “আজিমপুরে আমার বাসার সামনে এ ধরনের বিস্ফোরণের শব্দ পাই। আমাদের বাসা পাঁচ তলায়। গেটের সিঁড়ির পাশেই এ ঘটনা ঘটে।”
এতে সরকারি ওই ভবনের বাসিন্দারা ‘কিছুটা ভয়’ পেয়েছেন বলে জানান তিনি।
এই নির্বাচন কমিশনার জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এ বিষয়ে বব্যস্থা নেবেন বলে জানিয়েছেন।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, গত জুন মাসে সিইসি ও চার নির্বাচন কমিশনারের বাসায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সিসিটিভি বসানোর জন্য পুলিশ সদরদপ্তরের প্রটোকল ও প্রটেকশন শাখা থেকে প্রস্তাব দেওয়া হয়।
সিসিটিভি চাওয়া হলে গণপূর্ত বিভাগ প্রত্যেক কমিশনারের আবাসিক ভবনের জন্য ২৩ লাখ টাকা করে বরাদ্দের কথা জানায়।
উদ্যোগ নেয়ার তিন মাস পরেও এ বিষয়ে ব্যবস্থা না নেয়ার বিষয়ে শাহনেওয়াজ বলেন, “ইসি সচিবালয় সবকিছু দেখভাল করছে। বৃহস্পতিবারের মধ্যে কী করে জানা যাবে।”
নির্বাচনকালীন ক্ষণ গণণা শুরুর প্রাক্কালে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে।
মঙ্গলবারও এটর্নি জেনারেলের কন্যা ও পুরো পরিবারকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়।
