জামালপুরে পিক-আপ চাপায় নিহত ২
জামালপুরের মেলান্দহ উপজেলায় পিক-আপ ভ্যান চাপায় দুইজন নিহত এবং এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে মেলান্দহ-ইসলামপুর সড়কে ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের গিয়াস পাঠানের ছেলে চাঁন মিয়া পাঠান (৫৫) ও আবুল কালামের ছেলে ফরহাদ হোসেন (৪০)।
গুরুত্বর আহত হয়েছেন নিহত চাঁন মিয়া পাঠানের স্ত্রী জমিলা বেগম (৩৮)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, ইসলামপুর থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রী উঠিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় একটি পিক-আপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পুলিশ পিক-আপ ভ্যানটি আটক করেছে।
