২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ধর্ষকের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি স্থানীয় কয়েক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:09 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

বুধবার সাদুল্লাপুর থানার সামনের  সড়কে এই মানববন্ধন হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং রাজনৈতিক- সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

সাদুল্লাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার বানু লাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন, উপজেলা জাসদের সাবেক সভাপতি আনছার আলী, গার্লস কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা মুন্সী, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মিলন, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, হেদেয়াতুল ইসলাম বাবু, নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান মণ্ডল পিন্টু প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

এক গৃহবধূকে ১৫ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর এক মাস হতে চললেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন আন্দোলনকারীরা। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ধর্ষকদের ধরার চেষ্টা চলছে।

মামলায় বলা হয়, স্বামীর বাড়ী উপজেলার উত্তর হাটবামুনি গ্রামে যাওয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর বিকালের দিকে সাদুল্লাপুর উপজেলা সদর থেকে অটোরিক্সায় করে রওনা হন ওই গৃহবধূ। পথে উপজেলার কান্তানগর বাজারে অটোরিক্সা থেকে নেমে স্বামীর বাড়ি যেতে রিকসা খুঁজতে থাকেন।

 এসময় পূর্ব পরিচিত (বান্ধবীর মামা) লেচু (২৮) নামের এক যুবক তাকে রিক্সা খুঁজে দেয়ার কথা বলে কৌশলে কান্তানগর হাইস্কুলের মাঠের কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর উপজেলার দামোদরপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. রানা মণ্ডল (৩০), ইউনিয়ন যুবলীগের সদস্য ও সমর্থক নজরুল মিয়া (২০), জাহাঙ্গীর আলম শান্ত (২৬) ও আনারুল কাজী (২৮) ওই গৃহবধূর মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর মুখ চেপে ধরে জোর করে তাকে স্কুলের একটি ঘরে নিয়ে হাত-মুখ কাপড় দিয়ে বেঁধে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে।

পরে  রাতেই তার শরীরে জড়ানো বিভিন্ন স্বর্ণালঙ্কার খুলে নিয়ে হাত, পা, মুখ ও চোখ বেঁধে একটি  অটোরিক্সায় করে তাকে বগুড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে রেখে আসে তারা। সেখানে তিন জন  যুবক ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করে।  গত ২৪ সেপ্টেম্বর  দুপুরের দিকে ওই নারীকে বগুড়া শহরের একটি রাস্তায় ফেলে রেখে যায় তারা।

পরে ওই গৃহবধূ  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ২৫ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদি হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।

ওই গৃহবধূর কোনো খোঁজ না পেয়ে গত ১১ সেপ্টেম্বর তার বাবা ও স্বামী সাদুল্লাপুর থানায়  দুটি জিডি করেছিলেন বলে ওসি জানান।