লালমনিরহাটে অপহৃত কিশোরী উদ্ধার নারায়ণগঞ্জে
মুক্তিপণের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহরণের পাঁচদিন পর এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব
মঙ্গলবার দুপুরে শহরের পশ্চিম মাসদাইর খানকা এলাকা থেকে মেয়েটিকে (১৪) উদ্ধার করা হয়।
অপহরণে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ অক্টোবর লালমনিরহাটের হাতীবান্ধা থানার মধ্য গড্ডিমারী এলাকার এ কিশোরীকে অপহরণ করে সুরুজ নামের এক যুবক।
পরে ভোলাবাড়ী এলাকার হাবিবুর রহমানের ছেলে সুরুজ মিয়া ওরফে সুরুজ (২৫) ও নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর এলাকার জাকির হোসেনের ছেলে মো. টিটুসহ (২৩) আরো কয়েকজন তাকে নারায়ণগঞ্জ নগরীতে একটি বাড়িতে আটকে রাখে এবং কিশোরীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
বিষয়টি সোমবার রাতে মেয়েটির চাচা র্যাবে জানালে এ অভিযান চালানো হয়।
এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
